যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে নতুন ‘কালো কার্ড’ চালু করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন (FRF)। ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনুমোদিত এই নিয়মটি U7 থেকে U16 বয়সভিত্তিক প্রতিযোগিতায় কার্যকর হবে। এর লক্ষ্য মাঠের বাইরে থাকা প্রাপ্তবয়স্কদের আচরণের কারণে শিশু খেলোয়াড়দের ওপর তৈরি হওয়া চাপ ও নেতিবাচক পরিবেশ কমানো।
নতুন নিয়মে কালো কার্ড কোনো খেলোয়াড়কে শাস্তি দেওয়ার জন্য নয়; বরং গ্যালারিতে থাকা অভিভাবক ও দর্শকদের গুরুতর অশোভন আচরণ বন্ধ করতে এটি ব্যবহার করা হবে। রেফারি যদি গালাগালি, খেলোয়াড় বা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার, রেফারির সিদ্ধান্ত নিয়ে লাগাতার আপত্তি কিংবা দর্শকদের মধ্যে বিরোধের মতো আচরণ লক্ষ্য করেন, তাহলে প্রথমে সতর্কতা দেওয়া হবে।
আচরণ বন্ধ না হলে দ্বিতীয় ধাপে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে এবং দুই দলকে ড্রেসিংরুমে পাঠানো হবে। এই সময় কোচরা নিজেদের সমর্থক ও অভিভাবকদের আচরণ নিয়ন্ত্রণে উদ্যোগ নেবেন। এরপরও একই ধরনের আচরণ চলতে থাকলে রেফারি কালো কার্ড দেখিয়ে ম্যাচটি স্থায়ীভাবে বাতিল করতে পারবেন। সেই ম্যাচ আর পুনরায় শুরু করা হবে না।
রোমানিয়ান ফেডারেশন জানিয়েছে, শিশুদের খেলাধুলা যেন প্রাপ্তবয়স্কদের উচ্চাকাঙ্ক্ষা, চাপ বা হতাশার শিকার না হয়—এই উদ্দেশ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে। ফেডারেশনের মতে, যুব ফুটবল শিশুদের আনন্দ, বিকাশ ও ইতিবাচক অভিজ্ঞতার জায়গা হওয়া উচিত।
নতুন নিয়মটি ফুটবলে দর্শকদের আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে আলোচনায় এসেছে। একই সঙ্গে এটি যুব খেলাধুলায় খেলোয়াড়দের নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আয়োজকদের বাড়তি দায়িত্বের বিষয়টিও সামনে এনেছে।
