বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও ব্র্যাক ব্যাংক পিএলসির মধ্যে এমপ্লয়ি ব্যাংকিং সেবা নিয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তির আওতায় বিজিএমইএর কর্মকর্তা ও কর্মীরা বিভিন্ন বিশেষায়িত ব্যাংকিং সুবিধা পাবেন।
গত ৩ সেপ্টেম্বর ২০২৬ চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। চুক্তির মাধ্যমে বিজিএমইএর কর্মকর্তা-কর্মীদের দৈনন্দিন ব্যাংকিং আরও সহজ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি আর্থিক ব্যবস্থাপনায় বিভিন্ন সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।
এই অংশীদারত্বের আওতায় সুবিধাগুলোর মধ্যে রয়েছে প্রিভিলেজড স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডি। এর পাশাপাশি কর্মকর্তা ও কর্মীরা বিভিন্ন করপোরেট সুবিধা ও বিশেষ সুবিধাও পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি বিজিএমইএ কমপ্লেক্সে ব্র্যাক ব্যাংকের একটি ২৪/৭ এটিএম সুবিধাও চালু করা হয়। এর মাধ্যমে পোশাক খাতের উদ্যোক্তা, বিজিএমইএর কর্মকর্তা-কর্মচারী ও কমপ্লেক্সে আসা অন্যান্য ব্যক্তিরা নগদ জমা ও উত্তোলনসহ প্রয়োজনীয় ব্যাংকিং সেবা আরও সহজে নিতে পারবেন।
বিজিএমইএ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শীর্ষ বাণিজ্য সংগঠন। অন্যদিকে ব্র্যাক ব্যাংক জানিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে তারা আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা আরও বিস্তৃত করছে। নতুন এই চুক্তির ফলে বিজিএমইএর কর্মকর্তা-কর্মীদের জন্য ব্যাংকিং সুবিধা আরও সহজ ও কাঠামোবদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
