মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক আজ, কারা থাকবেন, আলোচনা কী নিয়ে
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত নতুন জোটের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ সোমবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হচ্ছে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক প্রধানরা এতে অংশ নেবেন। তিন দেশ গত ৭ আগস্ট মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছিল। চুক্তির মূল নীতি হলো—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে অন্যদের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা।
বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেওয়ার কথা রয়েছে। পাকিস্তানের প্রতিনিধিদলে থাকবেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সৌদি আরবের পক্ষে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলি।
বৈঠকের অন্যতম আলোচ্য হবে আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি। পাশাপাশি তিন দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা উন্নত করার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রতিরক্ষা শিল্পে সহযোগিতাও বৈঠকের গুরুত্বপূর্ণ অংশ। যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, গবেষণা ও উন্নয়ন এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়ানোর বিষয় আলোচনায় থাকতে পারে। একই সঙ্গে জোটের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার জন্য সচিবালয়, সাংগঠনিক কাঠামো এবং একটি কর্মপরিকল্পনার রূপরেখা তৈরির বিষয়ও বিবেচনায় রয়েছে।
ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই এই বৈঠক হচ্ছে। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছেন, চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়।
বৈঠকটি তাই শুধু তিন দেশের বর্তমান সহযোগিতা নয়, ভবিষ্যতে এই নতুন প্রতিরক্ষা কাঠামো কতটা কার্যকর ও বিস্তৃত হবে—তারও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।
