চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির এই শীর্ষ কূটনীতিক।
নিউইয়র্কে পৌঁছানোর পর আরাকচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সফরকালে আরাকচি বিভিন্ন দেশের কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করবেন।
আরাকচি বলেছেন, জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইরানের জনগণের অধিকার ও স্বার্থ তুলে ধরাই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি চলমান সংঘাত এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইরানের অবস্থান তুলে ধরার কথা জানিয়েছেন। তাঁর বক্তব্যে জাতিসংঘের ভূমিকা ও চলমান সংকটও গুরুত্ব পেতে পারে।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি অধিবেশনে ইরানের অবস্থান তুলে ধরবেন এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ মূল প্রতিনিধিদলকে জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার জন্য ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইরানি প্রতিনিধিদলের চলাচল ও কিছু কেনাকাটার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
জাতিসংঘ অধিবেশনের সময় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, কূটনৈতিক যোগাযোগ, আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালির পরিস্থিতি আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকছে।
