রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে
আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হচ্ছে। জাতীয় সংসদের সংসদকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। সংসদে আসনসংখ্যার হিসাবে মির্জা ফখরুল এগিয়ে থাকায় ফলাফল নিয়ে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তবে একাধিক প্রার্থী থাকায় নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ করা হচ্ছে।
ভোটের সময় সংসদ সদস্যরা নির্ধারিত আসন বা বুথে গিয়ে ব্যালট গ্রহণ করবেন। ব্যালটের নির্ধারিত অংশে ভোটদাতাকে নিজের পূর্ণ নাম ও স্বাক্ষর দিতে হবে এবং পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে ভোট দিতে হবে। ভোটদাতার পরিচয় শনাক্ত করা সম্ভব হওয়ায় এটি প্রচলিত গোপন ব্যালটের মতো নয়।
ভোট গ্রহণ শেষে সংসদকক্ষেই ভোট গণনা ও প্রাথমিক ফলাফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হবে।
