নতুন বুটে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেই চোটে পড়েছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে ফ্রান্স ১-০ গোলে জেতে। দলের জয়সূচক গোলটি করার পর বাঁ হাঁটুর চোটে মাঠ ছাড়তে হয় এমবাপ্পেকে।
মজার বিষয় হলো, ম্যাচটির আট দিন আগেই স্প্যানিশ ফিজিওথেরাপিস্ট অ্যাঞ্জেল ভিলানুয়েভা নতুন বুট ব্যবহারের কারণে সাময়িকভাবে ইনজুরির ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছিলেন। তাঁর ব্যাখ্যায়, বুটের সোল, স্টাড, শক্তিমাত্রা, কুশনিং কিংবা ওজনে পরিবর্তন হলে খেলোয়াড়ের পায়ের স্বাভাবিক বায়োমেকানিক্স ও বিভিন্ন অংশে চাপের মাত্রা বদলে যেতে পারে।
এমবাপ্পে সম্প্রতি নাইকির সঙ্গে দীর্ঘ প্রায় দুই দশকের সম্পর্কের ইতি টেনে সুইস ক্রীড়া প্রতিষ্ঠান অন-এর সঙ্গে চুক্তি করেছেন। তুরস্কের বিপক্ষে ম্যাচে তিনি প্রথমবার নতুন প্রতিষ্ঠানের বুট পরে প্রতিযোগিতামূলক ম্যাচে নামেন। এর আগে অনুশীলনে তিনি প্রতিষ্ঠানটির প্রোটোটাইপ বুটও পরীক্ষা করেছিলেন।
ম্যাচে গোল করার পর এমবাপ্পে বাঁ হাঁটুর দিকে হাত দেন এবং ফরাসি দলের মেডিকেল স্টাফরা তাকে পরীক্ষা করেন। কিছুক্ষণ মাঠে থাকার চেষ্টা করলেও পরে তিনি আর চালিয়ে যেতে পারেননি। ফরাসি ফুটবল কর্তৃপক্ষের প্রাথমিক পরীক্ষায় তার হাঁটুর টেন্ডনে চোট ধরা পড়ে এবং চিকিৎসার জন্য তাকে মাদ্রিদে ফেরার কথা জানানো হয়।
তবে নতুন বুটই এমবাপ্পের চোটের কারণ—এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনো নেই। ভিলানুয়েভাও পরবর্তী মন্তব্যে বিষয়টি আরও জটিল হতে পারে বলে উল্লেখ করেছেন। বিশেষ করে একই হাঁটুতে এমবাপ্পের আগের সমস্যার ইতিহাস থাকায় শুধু বুট পরিবর্তনের সঙ্গে বর্তমান চোটকে সরাসরি যুক্ত করা এখনই বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করা যায় না।
এমবাপ্পের চোটের প্রকৃত মাত্রা এবং মাঠে ফিরতে তার কতদিন সময় লাগবে, তা আরও বিস্তারিত মেডিকেল পরীক্ষার পর পরিষ্কার হবে। এরই মধ্যে নতুন বুটে অভিষেক এবং তার আগেই দেওয়া ফিজিওর সতর্কবার্তা নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
