আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের বলরুমে অ্যামচেম বাংলাদেশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, অ্যামচেমের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালসহ ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, সম্প্রতি অ্যামচেমের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার আগ্রহ প্রকাশ করেছেন। সরকার এই উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে।
বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩ বিলিয়ন ডলারের বেশি। বাণিজ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, অ্যামচেমের সদস্য প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ইতোমধ্যে ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং জাতীয় রাজস্বে ২০ শতাংশেরও বেশি অবদান রাখছে।
নতুন বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি স্থানান্তর, কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণেও মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানিয়েছেন মন্ত্রী। প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, স্বাস্থ্যসেবা, উৎপাদন শিল্প ও আর্থিক সেবাকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে শুধু বিনিয়োগের সুযোগ থাকলেই বিদেশি বিনিয়োগ নিশ্চিত হয় না বলে মন্তব্য করেন মন্ত্রী। বিনিয়োগকারীদের জন্য পূর্বাভাসযোগ্যতা, ব্যবসা পরিচালনার সহজ পরিবেশ, কার্যকর বাণিজ্য সুবিধা এবং স্থিতিশীল নীতিকাঠামো নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।
সরকার ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটালাইজেশন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করবে বলে জানান তিনি।
