যুক্তরাষ্ট্র থেকে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গানভরের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে প্রথমবারের মতো এলএনজি কার্গো পৌঁছেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১২ মিনিটে ‘এলএনজি জেনেভা’ নামের জাহাজটি সামিটের টার্মিনালে নোঙর করার পর কার্গো থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস শুরু হয়।

প্রথম এই চালান থেকে মোট ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি খালাস করা হবে। এটি গানভরের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ করা প্রথম কার্গো।

চুক্তি অনুযায়ী, গানভর থেকে মোট ১১৭টি এলএনজি কার্গো আমদানি করবে বাংলাদেশ। সরবরাহ কার্যক্রম ২০২৬ সাল থেকে শুরু হয়ে ২০৩৮ সাল পর্যন্ত চলার কথা। চলতি বছর চুক্তির আওতায় পাঁচটি কার্গো দেশে আসার কথা রয়েছে।

জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যে বিকল্প উৎস নিশ্চিত করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দীর্ঘমেয়াদি সরবরাহ ব্যবস্থা করা হয়েছে। গানভরের প্রথম চালানটি দেশে আসার পাশাপাশি সেপ্টেম্বর মাসে আরও কয়েকটি এলএনজি কার্গো আসার সময়সূচি রয়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর রাত ৮টার হিসাবে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬০৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৬১২ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৯৯৩ মিলিয়ন ঘনফুট সরবরাহ পাওয়া যায়।

এদিকে, নতুন কার্গোসহ এলএনজি সরবরাহ বাড়ায় শিল্পাঞ্চলে গ্যাস পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাসের চাপ ও সরবরাহ সংকট এখনও পুরোপুরি কাটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *