গাজীপুরের রাজেন্দ্রপুরে চীনের এক পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে গাড়িচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন চালকের স্ত্রী ও মামা। ঝিনাইদহ থেকে তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা এবং জব্দ করা হয়েছে নতুন কেনা আসবাবপত্র ও একটি মুঠোফোন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার চালক জাহিদ হাসান একটি পোশাক কারখানার চেয়ারম্যানের গাড়ি চালাতেন। কারখানার শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচের জন্য গাড়িতে এক কোটি টাকা রাখা হয়েছিল। ২ সেপ্টেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি কারখানায় কাজ শেষে চেয়ারম্যানকে নিয়ে ঢাকার দিকে রওনা হন চালক।
পরে রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়ি থামানো হয়। ব্যবসায়ী খাবার খেতে হোটেলে প্রবেশ করলে চালক গাড়িটি গুলশানের একটি কফি শপের পার্কিংয়ে রেখে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান। ব্যবসায়ী ফিরে এসে গাড়ি ও চালককে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান।
মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঝিনাইদহের একটি বাসা থেকে চালককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মামাকে গ্রেপ্তার করে আরও ১ লাখ ৩ হাজার টাকা এবং চালকের স্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, চুরি করা অর্থের একটি অংশ দিয়ে চালক নতুন বাসা ভাড়া, আসবাবপত্র কেনা এবং ৩৩ হাজার টাকা দিয়ে একটি মুঠোফোন কিনেছিলেন। এসব মালামালও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া টাকা, জব্দ করা মালামাল ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য রূপগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
