বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। অর্থাৎ এ ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ পয়সা। অন্যদিকে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জের নির্দিষ্ট রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ক্ষেত্রেও প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এসব ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আরামদায়ক ভ্রমণের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিকভাবে পুনর্নির্ধারণের বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

নতুন নির্ধারিত ভাড়ার হার গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার হার প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ার পর বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভাড়া বাড়ানোর প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত সরকার প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে পরিবহন খাতের ব্যয় ও যাত্রীদের ওপর বাড়তি চাপ—দুই বিষয় বিবেচনা করেই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর নির্ধারিত হারের বেশি ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ রুট পারমিট বাতিলের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *