জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ হবে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণ বাংলায় দেবেন। ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পেতে পারে। পাশাপাশি রোহিঙ্গা সংকট, যুব ও নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং আধুনিক প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকারের বিষয়ও আলোচনায় থাকবে।
নিউইয়র্কে পৌঁছে ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা। ওই দিন জাতিসংঘ মহাসচিবের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতঃরাশে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের অভ্যর্থনা অনুষ্ঠানেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
২৩ সেপ্টেম্বর বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং বৈশ্বিক বৈষম্য মোকাবিলাবিষয়ক একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিন জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত জলবায়ু ও ন্যায্য রূপান্তরবিষয়ক উচ্চপর্যায়ের সভাতেও তিনি অংশ নেবেন।
সফরের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হবে রোহিঙ্গা সংকট। এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের আলোচনা আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকেরও কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
