বিস্তারিত প্রতিবেদন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালায় আগের মতোই নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধ রাখা হয়েছে। একই সঙ্গে মিছিল ও শোভাযাত্রার ওপরও নিষেধাজ্ঞা থাকছে। তবে প্রার্থীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রচারের সুযোগ রাখা হয়েছে।
ইসির নতুন বিধিমালা সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এবার দীর্ঘদিন পর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় প্রতীকে ভোট হওয়ার কথা রয়েছে।
প্রচারের ক্ষেত্রে পোস্টারের পাশাপাশি প্রকাশ্য মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান বা ট্রেন ব্যবহার করেও মিছিল করা যাবে না। নির্বাচনী প্রচারে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
তবে ডিজিটাল প্রচারণার সুযোগ রাখা হয়েছে। কোনো প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার চালাতে চাইলে আগে কোন কোন মাধ্যমে প্রচারণা করবেন, সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। অনলাইনে প্রচারণার জন্য ব্যয় করা অর্থও নির্বাচনী ব্যয়ের হিসাবের অন্তর্ভুক্ত হবে।
এবারের বিধিমালায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়েও বিশেষ সতর্কতা রয়েছে। মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ বা ব্যক্তিগত আক্রমণমূলক কনটেন্ট প্রচার করা যাবে না। এআই ব্যবহার করে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন ভুয়া বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচারও নিষিদ্ধ।
পোস্টারের পরিবর্তে সীমিত পরিসরে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও হ্যান্ডবিল ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ফলে এবারের স্থানীয় নির্বাচনে প্রচারণার বড় একটি অংশ মাঠের প্রচলিত পোস্টারনির্ভর ব্যবস্থা থেকে ডিজিটাল মাধ্যমে সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
